আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের মুখে কংগ্রেসে ভাঙন। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক আসিফ ইকবাল। বুধবার নববর্ষের দিন বিকেলে দক্ষিণ ২৪ পরগনার পৈলানে অভিষেক ব্যানার্জির হাত থেকে তৃণমূলের পতাকা নেন তিনি।


জানা গিয়েছে, ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক প্রয়াত মইনুল হকের ভাইপো আসিফ। ২০১৮ সালে মুর্শিদাবাদে কংগ্রেসের টিকিটে জেতা একমাত্র জেলা পরিষদ সদস্য ছিলেন তিনি। প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি ছিলেন আসিফ। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আসিফ ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু তাঁকে ‘‌প্রতীক’‌ দেয়নি দল। 
এদিকে, আসিফের পরিবর্তে ফরাক্কা থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন মাহাতাব শেখ। যদিও প্রথমে তাঁর নাম ভোটার তালিকায় ছিল না। পরে এসআইআর ট্রাইব্যুনালে জরুরি শুনানি হয়। মাহতাবের নাম ভোটার তালিকায় ওঠে। কংগ্রেসের ‘প্রতীক’ পান। ভোটে টিকিট না পাওয়ার ফলে হাতশিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন আসিফ। সম্ভবত সেই ক্ষোভ থেকেই দলবদলের সিদ্ধান্ত। বুধবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 

এদিকে, কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 
বুধবার পয়লা বৈশাখের দিন সন্ধেয় কালীঘাট মন্দিরে যান অভিষেক। সমস্ত রীতি মেনে পুজো দেন। জানা গিয়েছে, নিজে হাতে আরতি করেন অভিষেক। হাতজোড় করে দেবীর কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন। মা–মাটি–মানুষের জন্যও শুভকামনা করেন তিনি।