আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশন ও বিজেপিকে ফের একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
হাতে আর মাত্র ক’টা দিন। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। জোরদার প্রচার চালাচ্ছে শাসক থেকে বিরোধীরা। পাশাপাশি একে অপরকে কটাক্ষ করতেও ছাড়ছে না কোনও শিবির। এর পাশাপাশি আবার নির্বাচন কমিশনের বেশ কিছু পদক্ষেপে বেশ বিরক্ত তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন অভিষেক। যে পোস্টে বিজেপি ও কমিশনকে তিনি একহাত নিয়েছেন। বেশ মজার ছলেই ডায়মন্ড হারবারের সাংসদ লিখেছেন, ‘যদি মনে করেন বাংলার বিধানসভা ভোটে বিজেপির তুরুপের তাস নরেন্দ্র মোদি, অমিত শাহ কিংবা যোগী আদিত্যনাথ–তাহলে আপনি মারাত্মক ভুল করবেন। এই ভোটে বিজেপির আসল তুরুপের তাস হল মুখ্য নির্বাচন কমিশন। যারা আড়াল থেকে লড়ছে বিজেপির হয়ে। বিজেপি কলকাঠি নাড়ছে। আর সেই অনুযায়ী কাজ করে চলেছে নির্বাচন কমিশন।’
?s=48
পোস্টে অভিষেক আরও লিখেছেন, ‘কেন্দ্রীয় বাহিনীর কয়েকশো বাহিনীকে বাংলায় নিয়ে আসা হয়েছে। তার বদলে এই বাহিনীকে পহেলগাঁও, দিল্লি, মণিপুর বা নয়ডায় রাখলে অনেক বেশি লাভ হত। এই জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে যারা সুরক্ষা দেয় তাঁদের খুঁজে বের করা। এই তালিকায় আমার পরিবারও রয়েছে।’
শেষমেশ চ্যালেঞ্জের সুরে অভিষেক পোস্টে লিখেছেন, ‘যা ইচ্ছা করুন। যাকে খুশি নিশানা করুন। মনে রাখবেন বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন। গুজরাটের যে বাবুরা আজ আমাদের কর্মীদের ঘরে বসে থাকার হুমকি দিচ্ছে, ফলাফল ঘোষণার এক ঘণ্টা পর তাদের আর বাংলায় দেখা যাবে না।’
অভিষেকের বক্তব্য, ‘এটা কোনও হুমকি নয়, চ্যালেঞ্জ।’















