আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্রে 'অভয়া'র মা'কে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই সল্টলেকের বিজেপি দপ্তরে এলেন 'অভয়া'র বাবা-মা। এদিন বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেন তাঁরা। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটির বিজেপি প্রার্থী 'অভয়া'র মা বলেন, "পশ্চিমবঙ্গ যে দুর্নীতিতে ডুবে আছে, মেয়েদের কোনও সুরক্ষা নেই, নারীদের সম্মান নেই। কোনও একটা ঘটনা ঘটলেই বলা হয়, মেয়েরা রাতে বেরোব না, মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না। এসব কথা আমাদের মুখ্যমন্ত্রীই বলেন। আমার এটাই বলার, কেউ ভয় না পেয়ে, নিজদের অধিকার সম্বন্ধে সচেতন হও। এবং নিজেদের অধিকার ছিনিয়ে নাও।" 

'অভয়া'র মা আরও বলেন, "সারা বিশ্ববাসী আমার আন্দোলনের সঙ্গে ছিলেন। পশ্চিমবঙ্গবাসী যেভাবে আমার মেয়ের মৃত্যুকে তাঁদের ঘরের মেয়ে হারানোর মতো মনে করেছে, সেভাবেই তাঁরা আমার পাশে থাকবেন। আমার বিশ্বাস তৃণমূলকে উপড়ে ফেলতে পারব।" 

পানিহাটিতেই বামেদের প্রার্থী কলতান দাশগুপ্ত। তাঁকে প্রার্থীপদ প্রত্যাহারের দাবি জানিয়েছেন একাধিক বিজেপি নেতা। এ প্রসঙ্গে 'অভয়া'র মা জানিয়েছেন, "ওঁ আমার ছেলের মতো। ওঁ আন্দোলন করেছে। ওঁর বিরুদ্ধে আমি কিছু বলব না।" 

গত বৃহস্পতিবার 'অভয়া'র বাবা-মা নিজেই জানালেন, রাজনীতিতে প্রবেশের কথা, প্রার্থী হওয়ার কথা। জানালেন, নারী সুরক্ষায় ভরসা যেমন বিজেপির উপর, জানালেন বামেদের উপর থেকে আস্থা হারানোর কথাও। 

সংবাদমাধ্যমের  মুখোমুখি হয়ে 'অভয়া'র মা সাফ জানান, প্রথম থেকে প্রস্তাব ছিল। তবে শেষ মুহূর্তে তিনি নিজেই সিদ্ধান্ত নেন, বিজেপির হয়ে প্রার্থী দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাঁর অভিযোগ, তৃণমূল জমানায় ভাল নেই কেউ। তাই এই সরকারের মূল উপড়ে ফেলার জন্যই তিনি গেরুয়া শিবিরের প্রার্থী হতে চাইছেন। 

'অভয়া'র বাবা বলেন, প্রস্তাব অনেকদিন আগেই এসেছিল। তবে মানসিক প্রস্তুতি নিতে সময় লেগেছে। একই সঙ্গে 'অভয়া'র বাবা এদিন বামেদের একহাত নেন। কটাক্ষ করে বলেন, 'আমরা বারবার বলেছিলাম আমার মেয়ের  মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে দেব না। সেটাই করল। বামপন্থী দলগুলি আন্দোলন করেছে, বিচার যাতে না পাই সেই কাজটা করেছে। বিচার পাওয়ার কাজ তারা করেনি। এখনও বাধা দিয়ে যাচ্ছে, বিচার যাতে না পাই।'