আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় চলছে ১৫২ আসনে ভোটগ্রহণ। অন্যদিকে বিধানসভা ভোট শুরু হয়ে গিয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। সেখানে এবার ত্রিমুখী লড়াই।
২৩৪ আসনের তামিল বিধানসভায় এক দফাতেই হচ্ছে ভোটগ্রহণ। এটা ঘটনা, দীর্ঘদিন ধরেই তামিলনাড়ুর ভোট মানে দ্বিমুখী লড়াই। ডিএমকে বনাম এআইএডিএমকে। এবার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ললিতার দল এডিএমকে–র সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। যদিও এবার ভোটের লড়াইয়ে রয়েছে আরও এক শক্তি। অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’। ফলে লড়াই এবার ত্রিমুখী।
ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন টানা দ্বিতীয়বার ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে ক্ষমতায় ফিরতে মরিয়া এডিএমকে–র কে পালানিস্বামীও। সঙ্গে এবার পেয়েছেন বিজেপিকে। সকাল সাতটা থেকে তামিলনাড়ুতে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে ৬টা অবধি।
এদিকে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অভিনেতা বিজয়ের দলের পথচলা শুরু হয়। এবারের ভোটে একাই লড়ছে তাঁর দল। তিনি লড়ছেন তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর কেন্দ্র থেকে।
এদিকে, কোলাথুর কেন্দ্র ধরে রাখতে মরিয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। সেখানে তাঁর লড়াই এডিএমকে–র সা সান্তানা কৃষ্ণানের বিরুদ্ধে। ২০১১ সাল থেকে ওই আসনে জিতছেন তিনি। তাঁর পুত্র উদয়নিধি লড়ছেন চিপক–তিরুভাল্লিকেনি থেকে। ২০২১ সালের বিধানসভা ভোটে লড়ে জিতেছিলেন এই আসন থেকেই। ডিএমকে–র সঙ্গে জোটে আছে কংগ্রেস এবং বাম। অন্যদিকে পালানিস্বামী লড়ছেন সালেম জেলার এডাপাড্ডি বিধানসভা থেকে।
২৩৪ আসনের মধ্যে শাসক ডিএমকে লড়ছে ১৬৪ আসন। বাকি আসন ছাড়া হয়েছে সহযোগীদের। অন্যদিকে এডিএমকে লড়ছে ১৬৯ আসনে। ৬৫ আসনে লড়ছে বিজেপি। অভিনেতা বিজয়ের দল একাই সব আসনে লড়ছে।
এবারের ভোটে তামিলনাড়ুতে লড়ছেন ৪,০২৩ জন প্রার্থী। মোট ভোটার ৫ কোটি ৭৩ লক্ষের বেশি। যার মধ্যে ২ কোটি ৯৩ লক্ষ মহিলা ভোটার। ২ কোটি ৮৩ লক্ষ পুরুষ ভোটার। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭,৭২৮ জন।
২০২১ বিধানসভা ভোটে ডিএমকে পেয়েছিল ১৩৩ আসন। এআইএডিএমকে পেয়েছিল ৬৬ আসন। কংগ্রেস জিতেছিল ১৯ আসনে।
এদিকে সকাল ৯টা অবধি তামিলনাড়ুতে ভোট পড়েছে ১৭.৬৯ শতাংশ।















