আজকাল ওয়েবডেস্ক: ভোটের উত্তাপে আরও অশ্লীল হচ্ছে রাজনৈতিক নেতাদের মুখের ভাষা। সেই তালিকায় এবার কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'সন্ত্রাসবাদী' বলে কটাক্ষ করলেন মল্লিকার্জুন খাড়গে। সরগরম ভোটমুখি তামিলনাড়ু। সেখানেই প্রচারে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন খাড়গে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর সঙ্গে জোট বাঁধার জন্য খাড়গে এ দিন এআইএডিএমকে-এর তীব্র সমালোচনা করেন।

খাড়গের মন্তব্যের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। গেরুয়া বাহিনী কংগ্রেস সবাপতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের কাছে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রী মোদিকে 'সন্ত্রাসবাদী' বলে দেগে দিয়ে কংগ্রেস আসলে  ১৪০ কোটি ভারতীয়কে 'অপমান' করেছে।

মল্লিকার্জুন খাড়গে ঠিক কী বলেছেন?
ডিএমকের জোটসঙ্গী কংগ্রেস। এ দিন চেন্নাইতে নির্বাচনী প্রচার করেন মল্লিকার্জুন খাড়গে। সভামঞ্চে খাড়গে প্রশ্ন তোলেন, এআইএডিএমকে কীভাবে মোদীর সঙ্গে হাত মেলাল? তিনি একজন "সন্ত্রাসবাদী" এবং তাঁর দল সমতা ও ন্যায়বিচারে বিশ্বাসী নয়।

খাড়গে বলেছেন, "তারা (এআইএডিএমকে) কীভাবে মোদির সঙ্গে যোগ দিতে পারে? তিনি একজন সন্ত্রাসবাদী। তিনি সমতায় বিশ্বাস করেন না। তাঁর দল সমতা ও ন্যায়বিচারে বিশ্বাসী নয়। আর এই লোকেরা (এআইএডিএমকে) তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এর অর্থ হল তারা (এআইএডিএমকে) গণতন্ত্রকেই দুর্বল করে তুলছে।"

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট রয়েছে। প্রচারের শেষ লগ্নে এআইএডিএমকে ও বিজেপি জোটের বিরুদ্ধে কোনও রাখঢাক না করেই মুখ খুললেন কংগ্রেস সভাপতি। মল্লিকার্জুন খাড়গের অভইযোগ, বিজেপির মতো একটি দলের সঙ্গে হাত মিলিয়ে এআইএডিএমকে মূলত "গণতন্ত্র এবং আন্নাদুরাই, কামরাজ, পেরিয়ার... ও বাবাসাহেব আম্বেদকরের আদর্শকে দুর্বল করে তুলছে।"পাশাপাশি খাড়গে প্রতিশ্রুতি দেন যে, কংগ্রেস-ডিএমকে জোট তামিলনাড়ুতে "জনকল্যাণ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা" নিশ্চিত করে যাবে।

কেন তিনি মোদিকে 'সন্ত্রাসবাদী' বললেন? বিজেপি চাপ বাড়াতেই খাড়গের ব্যাখ্যা, ""তিনি (প্রধানমন্ত্রী মোদি) মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে সন্ত্রস্ত করে তুলছেন। আমি কখনওই বলিনি যে তিনি একজন সন্ত্রাসবাদী... আমি আসলে কী বোঝাতে চেয়েছি, তা স্পষ্ট করতে চাই। সেটা হল, মোদি সবসময়ই হুমকি-ধমকি দেন। ইডি , আয়কর বিভাগ এবং সিবিআই -এর মতো প্রতিষ্ঠানগুলো এখন তাঁর হাতের মুঠোয়। তিনি নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের বিষয়টিও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চাইছেন। ঠিক এই কারণেই, আমি বলেছিলাম যে তিনি মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে সন্ত্রস্ত করে তুলছেন। আমি কখনওই বলিনি যে তিনি একজন সন্ত্রাসবাদী"