আজকাল ওয়েবডেস্ক: আর চেনা যাবে না দার্জিলিংকে! দার্জিলিংকে বিশ্বমানের পর্যটন গন্তব্য (ওয়ার্ল্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন) হিসেবে গড়ে তোলাই রাজ্য সরকারের লক্ষ্য। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরা টাউনশিপ সংলগ্ন একটি হোটেলে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত উত্তরবঙ্গ পর্যটন স্টেকহোল্ডার সম্মেলনে যোগ দিয়ে একথা জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ।

উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ কুমার রায়-সহ দপ্তরের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, হোমস্টে মালিক, হোটেল ব্যবসায়ী এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরাও অংশ নেন।

সম্মেলনে উত্তরবঙ্গের পর্যটনের বর্তমান পরিস্থিতি, পর্যটকদের জন্য পরিকাঠামো ও পরিষেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, হোমস্টে ও হোটেল শিল্পের নানা সমস্যা এবং নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত অংশীজনেরা তাঁদের অভিজ্ঞতা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাব সরকারের সামনে তুলে ধরেন।

পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ বলেন, দার্জিলিং ও উত্তরবঙ্গের পর্যটনের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার পরিকাঠামো উন্নয়ন, পর্যটক পরিষেবা বৃদ্ধি এবং নতুন পর্যটন কেন্দ্রের বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

মন্ত্রী আরও বলেন, উত্তরবঙ্গের পর্যটন শিল্প রাজ্যের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সরকার ও পর্যটন শিল্পের অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দার্জিলিংকে বিশ্বমানের পর্যটন মানচিত্রে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে। 

একইসঙ্গে উত্তরবঙ্গের পর্যটনকে আরও বিকশিত করে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এই অঞ্চলকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরাই সরকারের লক্ষ্য।