আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগী কমিশন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইপিএস গৌরব শর্মা সহ অন্যান্য শীর্ষস্থানীয় আইএএস ও আইপিএস আধিকারিকরা। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মোট বাহিনীর প্রথম অংশ অর্থাৎ ২৪০ কোম্পানি বাহিনী আজ সন্ধ্যা ৬টা থেকেই মোতায়েন করার প্রক্রিয়া শুরু হচ্ছে।

কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় বাকি ২৪০ কোম্পানি বাহিনী আগামী ৫ই মার্চ সকাল সাড়ে দশটা থেকে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলিতে মোতায়েন করা হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক মহল মনে করছে।

প্রশাসনিক নথি অনুযায়ী, এই দুই দফায় মোট ৪৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে৷ 

​কলকাতা: মোট ৩০ কোম্পানি (প্রথম দফায় ১২, দ্বিতীয় দফায় ১৮)৷

দার্জিলিং: মোট ১১ কোম্পানি ( প্রথম দফায় ৬, দ্বিতীয় দফায় ৫)  

​পূর্ব মেদিনীপুর: মোট ২৮ কোম্পানি (প্রথম দফায় ১৪, দ্বিতীয় দফায় ১৪)৷

​পূর্ব বর্ধমান: মোট ২৫ কোম্পানি (প্রথম দফায় ৮, দ্বিতীয় দফায় ১৭)৷

​মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট: মোট ২০ কোম্পানি (প্রথম দফায় ৮, দ্বিতীয় দফায় ১২)৷

​বীরভূম: মোট ২১ কোম্পানি (প্রথম দফায় ৭, দ্বিতীয় দফায় ১৪)৷

​নদীয়া (কৃষ্ণনগর ও রানাঘাট): মোট ২২ কোম্পানি৷ ( 

বনগাঁ: মোট ৬ কোম্পানি৷ ( প্রথম দফায় ৪, দ্বিতীয় দফায় ২) 

বারাসাত: মোট ১১ কোম্পানি। ( প্রথম দফায় ৬, দ্বিতীয় দফায় ৫)  

এলাকা নিয়ন্ত্রণ থেকে শুরু করে ভোটের দিন দায়িত্ব পালন এবং স্ট্রং রুম নিয়ে বাহিনী যাতে আগে থেকেই ব্যবস্থা নিতে পারে সেদিকে নজর দিতেই আসছে বাহিনী। পাশাপাশি এলাকা টহলদারি করে তারা ভোটারদের মধ্যেই আত্মবিশ্বাস বাড়াতে চাইবে বলেও মনে করছে কমিশন।

উল্লেখ্য, বাহিনী যাতে এখানে এসে সঠিকভাবে থাকতে পারে সেদিকে জোর দেওয়া হবে। তাই আগে থেকেই এবিষয়ে নির্দেশ দিয়েছে কমিশন। ১ মার্চ থেকে রাজ্যে আধাসেনা মোতায়েন করা হয়েছে। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। ১ মার্চে ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে রাজ্যে। বাকি ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে ১০ মার্চের মধ্যে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ২০ ফেব্রুয়ারি শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জন্য প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, সিআইএসএফ ২১ কোম্পানি, আইটিবিপি ২৭ কোম্পানি ও এসএসবি ২৭ কোম্পানি আসবে। ১০ মার্চ বাকি ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে। দ্বিতীয় দফায় ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি টিআইবিপি, ১৯ কোম্পানি এসএসবি রাজ্যে মোতায়েন করা হবে।