আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার কল্যাণীতে বীর সিধু কানু অ্যাথলেটিকস ক্লাবের ১৭১তম বার্ষিক উৎসবে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক যুবক।
বৃহস্পতিবার ভোররাতে কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের রেল ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা থানার দয়লা এলাকার বাসিন্দা তিন যুবক একটি মোটরবাইকে করে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। রেল ব্রিজের উপর পৌঁছতেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রেলিংয়ে ধাক্কা মারে।
সংঘর্ষের জেরে তিনজনই ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে তিনজনকে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সমাই মূর্মু এবং সঞ্জীব মূর্মুকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত সুমন টুডুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
পরিবারের দাবি, তিনজনই বীর সিধু কানু অ্যাথলেটিকস ক্লাবের ১৭১তম বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে কল্যাণীতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করে। মৃত দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কী কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় দয়লা এলাকা ও কল্যাণীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।















