আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশন প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে সরব তৃণমূল। গোটাই বিজেপি ও কমিশনের 'অদৃশ্য জালিয়াতির সম্পূর্ণ, নোংরা মাত্রা' বলে তোপ দেগেছে রাজ্যের শাসক শিবির। 

চূড়ান্ত ভোটার তালিকায়, নৈহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তাঁর মা আরতি সরকারকে বাদ দেওয়া হয়েছে। মারাত্মক এই বিষয়টিই তুলে ধরেছে জোড়া-ফুল শিবির। নিশানা 

দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে নিশানা করা হয়েছে কমিশন ও পদ্ম বাহিনীকে। এক্স-এ লেখা হয়েছে, 'বিজেপি এবং কমিশন-এর নীরব অদৃশ্য জালিয়াতির সম্পূর্ণ, নোংরা মাত্রা এখন বাংলার চোখের সামনে উন্মোচিত। চূড়ান্ত ভোটার তালিকায়, নৈহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মা আরতি সরকারকে বাদ দেওয়া হয়েছে। ভোটার-শুদ্ধিকরণের এই ষড়যন্ত্রে একজন নির্বাচিত প্রতিনিধি এবং তাঁর পরিবারকে ভূতের মতো মুছে ফেলা হয়েছে।' 

কমিশন অন্ধ কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। এক্স-এ লেখা হয়েছে 'নির্বাচন কমিশন কি অন্ধকারে চোখ বুজে, রক্তমাংসের ভোটারদের ঠিক নাকের নীচে দেখতে না পেয়ে, ব্লাইন্ডার পরে আছে? নাকি এটা মিঃ বানীশ কুমারের বিকৃত উধাও হয়ে যাওয়ার ঘটনা যেখানে দিল্লির জমিদারদের জন্য জাদুর ছড়ি দিয়ে প্রকৃত ভোটারদের নিশ্চিহ্ন করা হয়?'

এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। অর্থাৎ এখনও পর্যন্ত মোট ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫ জনের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকা প্রকাশের সময় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল, চূড়ান্ত পর্যায়ে আরও কয়েক লক্ষ নাম বাতিল হয়েছে। পাশাপাশি ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫টি নাম এখনও অ্যাজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় রয়েছে। 

সিইও মনোজ আগরওয়ালের বক্তব্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষ্পত্তি করলেই ভোটারের নাম তালিকায় আপডেট হবে।