আজকাল ওয়েবডেস্ক: গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। অবশেষে গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা কৈলাশ মিশ্র। আজ বিহারের মধুবনী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। 

 

কৈলাশ মিশ্র হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই পলাতক ছিলেন। তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে কৈলাশ মিশ্রের বিরুদ্ধে। এবছর বিধানসভা নির্বাচনে বালি আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। বিজেপির সঞ্জয় কুমার সিংয়ের কাছে হেরে যান। এদিন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি দল মধুবনীতে কৈলাশের আত্মীয়ের বাড়িতে হানা দেয়। সেই আত্মীয়ের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

পুলিশ জানিয়েছে, কৈলাশ মিশ্রের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, সরকারি কাজে বাধা, হুমকি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে। রবিবার বিহারের আদালতে পেশ করা হবে তাঁকে। এরপর সোমবার ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে।

 

গত এক মাসে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ আবার চুপিসারেই সক্রিয় রাজনীতি থেকে সরে পড়েছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তৃণমূলের ভরাডুবি শুরু। দলের ছন্নছাড়া দশা। গত এক মাসে পুলিশের জালে একাধিক দাপুটে নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর।