আজকাল ওয়েবডেস্ক: পানিহাটির তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হাজার হাজার আধার কার্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কী কারণে এত বিপুল সংখ্যক আধার কার্ড ওই কার্যালয়ে জমা ছিল, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পানিহাটির ৩৪ নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হলে থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয় খালি করার দাবি তোলে গেরুয়া শিবির। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কমিউনিটি হলটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সম্প্রতি বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরা সেখানে গিয়ে কার্যালয় সরানোর দাবি জানান।

জানা গিয়েছে, সেই সময় ঘরের এক কোণে রাখা একটি টেবিলের নিচ থেকে বেরিয়ে আসে গোছা গোছা আধার কার্ড। অভিযোগ, সেখান থেকে প্রায় তিন হাজার আধার কার্ড উদ্ধার হয়েছে। বেশ কিছু কার্ড সিল করা অবস্থাতেও ছিল বলে দাবি স্থানীয়দের।

ঘটনার পরই প্রশ্ন উঠেছে, কীভাবে এত বিপুল সংখ্যক আধার কার্ড একটি রাজনৈতিক দলের কার্যালয়ে জমা হল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বহু মানুষ আধার কার্ডের জন্য আবেদন করলেও এখনও হাতে পাননি। অনেকেই অনলাইনে আধারের কপি ডাউনলোড করে প্রয়োজনীয় কাজ সারছেন। 

সেই পরিস্থিতিতে একটি দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক আধার কার্ড মজুত থাকার ঘটনা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। বিজেপির অভিযোগ, আধার কার্ডগুলি কোনও দুর্নীতিমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। 

অন্যদিকে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, ওই কার্যালয়ে কীভাবে আধার কার্ডগুলি রাখা হয়েছিল, সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। স্থানীয় তৃণমূল নেতৃত্বও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি।

ঘটনার প্রকৃত কারণ কী, আধার কার্ডগুলি কার এবং কেন সেগুলি ওই কার্যালয়ে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশাসনিক তদন্তের দাবি উঠতে শুরু করেছে। বিষয়টিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।