আজকাল ওয়েবডেস্ক: নবান্নে স্কুল কম্পোজিট গ্র্যান্ট প্রদান অনুষ্ঠানে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, এই শিক্ষাবর্ষেই রাজ্য সরকার প্রায় ৫০ হাজার নিয়োগ করতে পারবে। এছাড়াও, রাজ্যের ৪২ হাজার ১৯২ জন পার্শ্বশিক্ষকের বেতন ৫ হাজার টাকা করে বাড়ানর ঘোষণা করেছেন তিনি।
বুধবারের অনুষ্ঠান থেকে বাংলার সরকারি বা সরকার পোষিত মোট ৮০ হাজার ৩৭৫ স্কুলকে ২৯৬ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিগত তৃণমূল সরকাররে বিঁধে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনে সব ধরনের রাজনৈতিক নিয়োগ বন্ধ করা হয়েছে। শিক্ষক, অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কোনও রকম রাজনৈতিক হস্তক্ষেপ আর থাকবে না।
সরকারি স্কুলের শিক্ষাব্য়বস্থার হাল নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে। যা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, সরকারি শিক্ষা ব্যবস্থাকে যদি বেসরকারি শিক্ষা ব্যবস্থার সমপর্যায়ে না করা যায় তাহলেই সকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকবে, সরকারি স্কুলগুলোও পিছিয়ে পড়বে। সরকারি স্কুলগুলোতে শিক্ষার মান উন্নয়ের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২০ জাতীয় শিক্ষানীতির সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
অভিভাবকদের মধ্য থেকেই বিদ্যালয় পরিচালন কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
















