আজকাল ওয়েবডেস্ক: আগামী রবিবার অর্থাৎ ২১ জুন দেশজুড়ে অনুষ্ঠিত হবে নিট পরীক্ষা। প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর ২১ জুন ফের নিট হচ্ছে।

আর রবিবার নিট পরীক্ষার কারণে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল শিয়ালদহ ডিভিশন। রেল সূত্রে জানা গিয়েছে, সাধারণত রবিবারের সূচি অনুযায়ী অন্যান্য দিনের তুলনায় কম সংখ্যক ট্রেন চলাচল করলেও ওই দিন দুপুর ১২টা পর্যন্ত (ট্রেনের নির্ধারিত ছাড়ার সময় অনুযায়ী) অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু রাখা হবে।

এর ফলে কলকাতা ও শহরতলির বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষার ক্ষেত্রে যাতে পরীক্ষার্থীদের কোনও রকম অসুবিধার সম্মুখীন না হয় সে কারণেই এই ব্যবস্থা।

পরীক্ষার দিন যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও রেল সূত্রে খবর। উল্লেখ্য, সম্প্রতি ভিড় নিয়ন্ত্রণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রেল।

নিত্যযাত্রীদের স্বস্তি দিতে বিরাট পদক্ষেপ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের। সকালের চরম ব্যস্ত সময়ে ট্রেনে বাদুড়ঝোলা ভিড় রুখতে চালু হচ্ছে বেশ কিছু অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেন।

সোমবার থেকেই শিয়ালদহ-ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখায় এই নতুন পরিষেবা চালু হতে চলেছে। শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখা (সোম থেকে শনি) সকালের ব্যস্ত সময়ে ডায়মন্ড হারবার লাইনে যাত্রীদের ঢল সামলাতে তিনটি বিশেষ ট্রেন চালানো হবে।

সোনারপুর-ডায়মন্ড হারবার: সোনারপুর থেকে ছাড়বে সকাল ৬টা ০৫ মিনিটে, ডায়মন্ড হারবার পৌঁছাবে সকাল ৭টা ১০ মিনিটে। ডায়মন্ড হারবার-শিয়ালদহ: ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৭টা ২২ মিনিটে, শিয়ালদহ পৌঁছাবে সকাল ৮টা ৫৮ মিনিটে।

শিয়ালদহ-সোনারপুর: শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে, সোনারপুর পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখা (প্রতিদিন) এই শাখায় যাত্রীচাপের কথা মাথায় রেখে একটি নতুন ট্রেন চালুর পাশাপাশি অপর একটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো হচ্ছে।

এই নতুন ট্রেন হাসনাবাদ থেকে বিকেল ৩টে ২০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছাবে বিকেল ৪টে ৩৯ মিনিটে। শিয়ালদহ থেকে সকাল ৮টা ৫৮ মিনিটে যে ৩৩৪৩১ আপ বারাসত লোকাল ছাড়ত, এবার থেকে সেটি বারাসতে সফর শেষ না করে সরাসরি হাসনাবাদ পর্যন্ত যাবে। ট্রেনটি হাসনাবাদ পৌঁছাবে সকাল ১১টা ০৬ মিনিটে।