আজকাল ওয়েবডেস্ক: মৃত এক মহিলার দুটি চোখ ও দেহের অঙ্গ প্রচুর অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগ তাঁর ছেলেদের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালী থানার শেনপুর শ্যামনগর পাড়া এলাকায়। মৃতার নাম রাবেয়া বিবি। অভিযোগ, রাবেয়া বিবির তিন ছেলে মাকে দেখভাল করত না। এমনকী মা বলেও পরিচয় দিত না। গত রবিবার সকালে রাবেয়া বিবি মারা যায় বলে জানায় তাঁর ছেলেরা। মারা যাওয়ার পর একটি গাড়ি করে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় চিকিৎসক এসে তাদের মায়ের চক্ষু নাকি নিয়ে গিয়েছে! স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এর আগে অঙ্গ বা চক্ষু দান করার জন্য কোনও সংগঠন বা সংস্থার সঙ্গে অঙ্গীকারবদ্ধ ছিলেন না রাবেয়া বিবি। তাহলে কীসের ভিত্তিতে চিকিৎসকের দল বাড়িতে এসে মৃত মহিলার চক্ষু নিয়ে গিয়েছে? 

গ্রামবাসীদের আরও ধারণা শুধু চক্ষু নয় তাঁর দেহের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ প্রচুর অর্থের বিনিময়ে বিক্রি করা হয়েছে। যেটা করেছে তাঁর ছেলেরা। এরকমই অভিযোগ তাঁদের। এই ঘটনা প্রকাশ্য জানাজানি হতেই শুরু হয়েছে চাঞ্চল্য। এরপর স্থানীয় বাসিন্দারা গণস্বাক্ষর করে একটি লিখিত অভিযোগ জমা দেন কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃত মহিলার তিন সন্তান এতদিন মায়ের সাথে কোনওরকম যোগাযোগ রাখত না। হঠাৎ করে কীভাবে মায়ের মৃত্যু হল এবং মৃত্যুর পরে তাঁর দেহের অঙ্গ কোন্ সংস্থাকে দেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। একই সাথে মৃতার সন্তানরা যে সংস্থার কাগজপত্র দেখাচ্ছে, তার বৈধ সত্যতা কতটা তারও তদন্তের আর্জি জানানো হয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনের কাছে। যদিও এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সম্ভব জৈন বলেন, স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যেই পুলিশ একটি অভিযোগ দায়ের করেছে। আজ মৃতদেহটি ময়নাতদন্ত করা হচ্ছে। তারপর সবকিছু জানা যাবে। এছাড়া বাড়ির লোক তাঁর চক্ষুদানের কিছু কাগজপত্র দেখিয়েছে সেগুলো আমরা যাচাই করছি।