আজকাল ওয়েবডেস্ক: মালদার বৈষ্ণবনগরে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ জওয়ানের নির্মম মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আরও এক জওয়ান গুরুতর আহত হয়ে বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটালিয়নের যৌথ হেডকোয়ার্টারে। নিহত ও আহত জওয়ানরা সকলেই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে একজন হলেন ৫১ বছর বয়সী অজয় কুমার সিং, যাঁর বাড়ি বিহারের ছাপরা জেলার মানঝি এলাকায়। অন্য মৃত জওয়ান ৩৭ বছরের আম্বদর সুরেশ দরগু, তিনি মহারাষ্ট্রের গড়চিরোলির বাসিন্দা। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ বছর বয়সী বিকাশ ব্রম্ম, যাঁর বাড়ি হুগলি জেলার পোলবা থানার মহেশপুর (মহান্দা) গ্রামে।
অভিযোগের তির ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্রর দিকে, যাঁর বাড়ি ছত্তীসগঢ়ে। তিনি তাঁর কাছে থাকা রিভলভার বা সার্ভিস রাইফেল থেকে হঠাৎই সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান বলে জানা গেছে। কী কারণে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেতেই বৈষ্ণবনগর থানার পুলিশ দ্রত তদন্ত শুরু করেছে। বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, কী পরিস্থিতিতে জওয়ান সহকর্মীদের ওপর গুলি চালালেন, তার আসল কারণ জানতে বিএসএফের তরফে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনীর অন্দরে ও স্থানীয় এলাকায় চরম চাঞ্চল্য তৈরি হয়েছে।
















