মিল্টন সেন: সোমবার সকালে চুঁচুড়ার শরৎ সরণী এলাকায় জিটি রোডে ভয়াবহ দুরঘটনা। মেয়েকে স্কুটিতে করে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক।

ডাম্পারের তলায় চাপা পড়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তাঁর বছর পাঁচেকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেল থেকে একটি ডাম্পার চুঁচুড়ার দিকে যাচ্ছিল। একই সময়ে এক যুবক তাঁর মেয়েকে নিয়ে স্কুটিতে করে ওই দিকেই যাচ্ছিলেন।

হঠাৎ একটি টোটো দাঁড়িয়ে পড়ায় ডাম্পারটি ডানদিকে সরে যায়। ঠিক পিছনেই থাকা স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের তলায় ঢুকে পড়ে। এতে যুবকটি গাড়ির নীচে চাপা পড়েন, আর তাঁর মেয়ে ছিটকে রাস্তায় পড়ে যায়।

মেয়েটির কোনও গুরুতর চোট না লাগলেও যুবকের দুই পায়ের ওপর দিয়ে ডাম্পার চলে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর ডাম্পার চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ ওই ডাম্পারের চালক ও খালাসিকে আটক করে।দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আহত যুবককে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়।

জানা গিয়েছে, আহত যুবকের নাম সুদেব দাস। তাঁর বাড়ি ব্যান্ডেল মিলিটারি কলোনিতে। ওই যুবকের মেয়ে টেকনো ইন্ডিয়া স্কুলের এলকেজি শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। পুলিশ ডাম্পারটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।