বিভাস ভট্টাচার্য: রাজ্যে আসছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর এটাই হতে চলেছে তাঁর প্রথম সফর। চলতি বছরের ডিসেম্বর মাসে তিনি এরাজ্যে আসছেন বলে সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে সরসঙ্ঘচালকের এই সফর নিয়ে সঙ্ঘের কার্যকর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানা গিয়েছে। 

প্রসঙ্গত অন্যান্য রাজ্যে ক্ষমতায় এলেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজের রাজ্যে এবারই প্রথম বিজেপি ক্ষমতায় এসেছে। স্বাভাবিকভাবেই মোহন ভাগবতের এই সফর যে আলাদা একটা মাত্রা বহন করে তা বলার অপেক্ষা রাখে না। সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর মাসে মোহন ভাগবতের এই সফরে হিন্দু সম্মেলন বা নাগরিক সম্মেলনও হতে পারে। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

এর আগে যখন মোহন ভাগবত আরএসএস-এর সম্পাদক ছিলেন তখন কলকাতায় তিনি পাঁচ বছর কাটিয়ে গিয়েছেন। ফলে কলকাতার সঙ্গে তাঁর পরিচয় পুরনো। এবারের এই সফরে তিনি কলকাতার কয়েকটি জায়গায় যেতে পারেন বলেও জানা গিয়েছে। যদিও সেবিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

সঙ্ঘের ১০০ বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে বিশেষ সাতটি কর্মসূচি নিয়েছে আরএসএস। গত বিজয়া দশমী থেকে যা শুরু হয়েছে। উল্লেখ্য, আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল নাগপুরে। ১৯২৫ সালে বিজয়া দশমীর দিন। ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার হলেন এর প্রতিষ্ঠাতা‌। 

১০০ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির মধ্যে রয়েছে স্বয়ং সেবকদের একত্রীকরণ, হিন্দু সম্মেলন, সদভাবনা, গৃহ সম্পর্ক, প্রবুদ্ধ নাগরিক সম্মেলন, যুব সম্মেলন এবং শেষ পর্যায়ে রয়েছে ১০ দিন ধরে শাখা। যা চলবে এবছরের মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত। প্রসঙ্গত, শাখা হল যেখানে প্রতিদিন স্বয়ং সেবকরা মিলিত হন। রাজ্যে এই মুহূর্তে সঙ্ঘের ৫০০০টি শাখা রয়েছে। বিশেষ এই কর্মসূচিতে ১০,০০০ জায়গায় শাখা হবে। সঙ্ঘের এক কার্যকর্তা জানিয়েছেন, শেষ পর্যায়ে যে শাখা হবে সেখানে অনেকেই সরাসরি আরএসএস-এর সঙ্গে যুক্ত হবেন। ফলে তাঁরাও তাঁদের সরসঙ্ঘচালককে সামনাসামনি দেখতে পাবেন।