আজকাল ওয়েবডেস্ক: রবিবার দিঘার তালসারিতে জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা-সমাজকর্মী রাহুল অরুণোদয় ব্যানার্জির। তাঁর মৃত্যুর পরে এই প্রথম মুখ খুললেন অভিনেত্রীর তথা তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ। শুটিংয়ের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “সুরক্ষা, নিরাপত্তা তো সবার দরকার। সবক্ষেত্রে দরকার। এটা নিয়ে আরও অনেক কাজ করতে হবে।”

রাহুলের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, “এটা একটা বড় শোকের ঘটনা। প্রিয়াঙ্কা আমার দীর্ঘদিনের বন্ধু। রাহুলদাকেও খুব কাছ থেকে দেখেছি। সহজ অত্যন্ত ছোট একটি ছেলে। এই ঘটনা একেবারেই আকস্মিক। এই ঘটনায় খুবই দুঃখ পেয়েছি,কষ্ট পেয়েছি।”

মঙ্গলবার পূর্ব বর্ধমানের গুসকরায় একটি ক্রিকেট টু্র্নামেন্ট ‘দিদি কাপ’-এ এসেছিলেন সায়নী। তিনি আরও বলেন, “এই দিদি কাপ খেলায় এসে খুব আনন্দ পেয়েছি। বহুদিন পর ব্যাট হাতে নিয়েছি। বর্ধমানকে আমি খুব ভালবাসি। আজকে গুসকরাতে এসে মনে হচ্ছে মনের মানুষদের সঙ্গে দেখা হয়েছে। এখানে পরিকাঠামো খুব ভাল। খেলা করুন, মেলা করুন, উন্নয়ন করুন। তার সাথে ডায়মন্ড খুঁজে বার করুন।'

২৯ মার্চ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রাহুল। তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের উজান এবং কুইনের মধুচন্দ্রিমার শুটিং চলছিল। সেই সময়ই হঠাৎই জলে পড়ে যান অভিনেতা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ৩০ মার্চ ময়নাতদন্তের পর রাহুলের মৃতদেহ কলকাতায় ফিরিয়ে আনা হয়। সেদিনই সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে। তাঁর ছেলে সহজ তাঁর মুখাগ্নি করেছে। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা টিভি ইন্ডাস্ট্রি এবং টলিউড।