আজকাল ওয়েবডেস্ক: রানাঘাটের পর কল্যাণী। নদিয়ায় ফের সোনার দোকানে ডাকাতি। সপ্তমীর ভোর রাতে ঘটল দুঃসাহসিক এই ডাকাতির ঘটনা। কল্যাণী পুর এলাকার তিন নম্বর ওয়ার্ডে কাঁঠালতলা বাজারে একটি সোনার দোকানে এই ডাকাতি হয়। দোকান মালিকের দাবি তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন। জানা গিয়েছে, এদিন ভোর রাতে ডাকাতি করতে এসে বাজারে রাতে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন তাঁদের বেঁধে ফেলে সশস্ত্র ডাকাতদের ওই দলটি। এরপর গ্যাস কাটার দিয়ে দোকানের দরজা কেটে ভেতরে ঢুকে লুটপাট চালিয়ে চম্পট দেয় তারা। উল্লেখ্য, গত আগস্টে রানাঘাটে একটি সোনার দোকানে দিনেদুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করেছিল ডাকাতরা। পুলিশের অনুমান, ডাকাতির আগে এলাকায় রীতিমতো রেইকি করে গেছে ডাকাতরা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। জানা যায়, এদিন ডাকাতির সময় ডাকাতরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল। এবারের ঘটনা স্থানীয় কোনও দুষ্কৃতীদের দল করল না অন্য রাজ্য থেকে কোনও গ্যাং এসে করে গেল সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Robbery: নদিয়ায় ফের সোনার দোকানে ডাকাতি, অধরা দুষ্কৃতীরা
















