মিল্টন সেন: শ্রীরামপুরে পুলিশের সঙ্গে বচসার জেরে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ। বৃহস্পতিবার তাঁকে শ্রীরামপুর আদালতে পাঠানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন তালাবন্ধ অবস্থায় ছিল। সেই তালা খুলতে যায় শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন।
অভিযোগ, শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকাই ডিউটিতে থাকা এক এএসআই, নটরাজের নাকে ঘুষি মারেন কাউন্সিলর।
আঘাতে ওই পুলিশকর্মীর নাক ফেটে রক্তপাত শুরু হয়। এরপরই রাজেশ শা এবং তাঁর দুই সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। আহত পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
ঘটনা প্রসঙ্গে শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘পুলিশ কোনও রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নিক। আমরা চাই এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। কাকে গ্রেপ্তার করবে বা কীভাবে তদন্ত করবে, সেটা পুলিশের বিষয়। আমরা কোনও হস্তক্ষেপ করব না। মানুষ এলাকায় শান্তি চায়।’
অন্যদিকে, থানার থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন রাজেশ শা। তাঁর দাবি, ‘পাড়ার সমস্যার সমাধানের জন্য একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হয়েছিল। সেটার দখল নিতে চেয়েছিল বিজেপি এবং সিপিএম। তা নিয়েই গোলমাল হয়েছে। কারও গায়ে হাত দিইনি। আমার এবং আমার স্ত্রীর ওয়ার্ডে লিড হয়েছে বলেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাকে ফাঁসানো হচ্ছে।’ জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
















