আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ও হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ করেছে ভারতীয় রেল। নির্দিষ্ট সময়সীমা দিয়ে নোটিস পাঠানোর পর রাজ্যের বিভিন্ন স্টেশনে চালানো হয়েছে বুলডোজার। 

রেলের এই অভিযান ঘিরে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমানসে। একাংশের দাবি, হকারদের রুটিরুজির কথা ভেবে রেলের একটু মানবিক হওয়া উচিত ছিল। অন্য অংশের মতে, সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে রেল আইনি পথেই হেঁটেছে। 

এই চাপানউতোরের মাঝেই এবার শিয়ালদহ ডিভিশনের স্টেশনগুলি নিয়ে এক অভিনব বিকল্প পরিকল্পনার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। উচ্ছেদ হওয়া স্টেশনগুলিতে এবার আধুনিক, ভ্রাম্যমাণ দোতলা স্টল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনের প্রবেশপথে চুক্তির ভিত্তিতে এই স্টলগুলি বসানোর অনুমতি দেওয়া হবে। এগুলি হবে সম্পূর্ণ ‘রেডি টু মুভ’ বা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উপযোগী।

শুধু তাই নয়, স্টলগুলির নকশাতেও থাকছে আধুনিকতার ছোঁয়া। প্রতিটি স্টল হবে দোতলা। নিচের তলা থেকে যাত্রীরা খাবার কিনে নিয়ে যেতে পারবেন এবং ওপরের তলায় বসে খাওয়ার সুবন্দোবস্ত থাকবে। ইতিমধ্যেই এই দোতলা স্টলের নকশায় অনুমোদন দিয়েছে ভারতীয় রেল।

হকার উচ্ছেদের সময় সাধারণ যাত্রীদের মনে আশঙ্কা তৈরি হয়েছিল যে, ফুটপাতের দোকানগুলি উঠে গেলে স্টেশনের চড়া দামের দোকান থেকে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে খাবার কিনতে হবে। যাত্রীদের সেই উদ্বেগে জল ঢালতে চাইছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তাদের দাবি, এই অনুমোদিত স্টলগুলিতে খাবারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হবে, যাতে সস্তায় পুষ্টিকর খাবার পেতে কোনও অসুবিধা না হয়।

রেল আধিকারিকদের একাংশের মতে, এই প্রকল্পের মাধ্যমে একদিকে স্টেশনের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় থাকবে, আবার বহু মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে পাঁচ বছরের চুক্তিতে এই স্টলগুলি বসানোর অনুমতি দেওয়া হবে। তবে স্টল মালিকদের রেলের সমস্ত নিয়মনীতি ও শর্ত কড়াভাবে মেনে চলতে হবে। বিশেষ করে খাবারের গুণমানের ক্ষেত্রে কোনও আপস করা চলবে না।

রেল সূত্রের খবর, প্রথম ধাপে কলকাতা এবং শিয়ালদহ স্টেশনে এই ভ্রাম্যমাণ দোতলা স্টলগুলি বসানো হবে। সেখানে যাত্রীদের প্রতিক্রিয়া ও সাফল্য দেখে পরবর্তীতে শিয়ালদহ ডিভিশনের অন্যান্য স্টেশনগুলিতেও পর্যায়ক্রমে এই স্টল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল।