আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সকাল পৌনে দশটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ ভবনের তিন তলায় আগুন লাগে। জানা গিয়েছে, ওই এলাকায় দক্ষিন চব্বিশ পরগণার একাধিক অফিস আছে।
মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও ৭টি ইঞ্জিন আনা হয়। বর্তমানে মোট ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
ভেতরের ধোঁয়া বের করার জন্য ভবনের জানলার কাচ ভাঙা হচ্ছে। এক ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। সরকারি নথিপত্রের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।















