দীক্ষা ভুঁইয়া

দার্জিলিংয়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর অধীন থাকা দু’টি গুরুত্বপূর্ণ রাস্তার দায়িত্ব নিল পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর (রোডস উইং)। ২৭ জুলাই জারি হওয়া পূর্ত দপ্তরের নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, সিমুলবাড়ির কাছে এনএইচ ১১০ এবং রাজ্য সড়ক এসএইচ ১২-কে সংযোগকারী রোহিনী রোড (সুভাষ ঘিসিং মার্গ) এবং লেবং বাজার থেকে রঙ্গায়রুন টি এস্টেট হয়ে থার্ড মাইল পর্যন্ত সার্কুলার রোড-এর দায়িত্ব জিটিএ থেকে পূর্ত দপ্তরের হাতে হস্তান্তর করা হবে।

জিটিএ-র অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দার্জিলিং হাইওয়ে ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাস্তা দু’টির দায়িত্ব গ্রহণ করবেন।

পাশাপাশি, রাস্তা দুটির সার্বিক উন্নয়ন, শক্তিবৃদ্ধি ও আধুনিকীকরণের জন্য ডিপিআর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী নতুন সেতু ও কালভার্ট নির্মাণের প্রস্তাবও ডিপিআর-এ অন্তর্ভুক্ত থাকবে, যাতে নিরাপদ, দক্ষ ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায়।

গত মে মাসে পাহাড়ের উন্নয়েনর জন্য নবান্নে বৈঠক সেরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং নবনির্বাচিত বিধায়করা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরিরা। বৈঠকে পাহাড়ের চারটি পুরসভার উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পানীয় জল, রাস্তা, নিকাশি ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা এবং পর্যটন পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়।