আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে মাঠ থেকে উদ্ধার হল আদিবাসী গৃহবধূর দেহ। ধর্ষণের পর খুনের অভিযোগ তুলেছেন তাঁর স্বামী।‌ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘীর অন্তর্গত পালিতপুরের ক্যানেলপাড় সংলগ্ন এলাকায়। বারুইপুরের পর পূর্ব বর্ধমানের একটি মাঠ থেকে মঙ্গলবার সকালে ওই আদিবাসী গৃহবধূর দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানা গিয়েছে, সকালে মাঠে দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি দেওয়ানদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।

 

মৃতার স্বামীর দাবি, তাঁর স্ত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। তবে দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

ঘটনাটি খুন, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে দেওয়ানদিঘী থানার পুলিশ। 

 

এই ঘটনাকে কেন্দ্র করেই এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি লিখেছেন, "বিজেপিশাসিত অন্যান্য রাজ্যের মতো বাংলাও মহিলা ও নাবালিকাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। পূর্ব বর্ধমানে একটি মাঠ থেকে এক আদিবাসী মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বামী ধর্ষণ ও খুনের অভিযোগ তুলেছেন। বাংলার বিজেপি সরকারের 'নারী সুরক্ষা'র প্রতিশ্রুতির পিছনে এই হল আসল চিত্র। মহিলারা এখনও আতঙ্কে আছেন। পরিবারের সবাই বিচার চাইছেন। ক্ষমতায় আসার দু'মাসের মধ্যেই এই দশা। এবার কি কমিশন পরিস্থিতি খতিয়ে দেখবে না? নাকি এই গ্যারান্টিই প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দিয়েছিলেন?" 

">