আজকাল ওয়েবডেস্ক: সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রতীক-উর রহমান। শনিবার আমতলায় সাংসদের কার্যালয়ে সামনে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন এই নেতা। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রতীক উর। অভিষেকের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার কিছু সময়ের মধ্যেই প্রতীক-উরকে বহিষ্কার করে সিপিএম।
এদিন প্রতীক উরকে পাশে নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, সিপিএমের বেড়াজাল ভেঙে সাহস দেখিয়েছে প্রতীক উর। সিপিএম খালি টিভির পর্দায় আর সামাজিক মাধ্যমে রয়েছে। তবে তারা কাজের কাজ কিছুই করে না। বলা হচ্ছে প্রতীক উর তৃণমূলের সঙ্গে ডিল করেছেন। প্রতীক উর বলেছেন টিকিট পেলেও তিনি লড়বেন না।
এদিন অভিষেক আরও বলেন, যেভাবে প্রতীক উর সমস্ত বাধা অতিক্রম করে বাংলার কাজে আত্মনিয়োগ করার শপথ নিয়েছেন তাকে তারিফ করেছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে প্রতীক উর রহমান যাতে রাজ্যের উন্নয়নে কাজ করতে পারে সেদিকে তারা নজর রাখবেন।
অভিষেক এদিন বলেন, যেভাবে রাজ্যের মানুষ বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূলকে বেছে নিয়েছে। ঠিক তেমনভাবেই যেসব বিরোধী দলেন নেতা বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূলকেই সমর্থন করেছে। এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে প্রতীক উর রহমান।
এদিন প্রতীক উর ফের একবার বলেন, সিপিএমে থেকে তার দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই সেখান থেকে তিনি সরে গিয়ে রাজ্যের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করেছেন। এই কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তাকে সহায়তা করেছেন।
&t=1s
শনিবার আমতলার কার্যালয়ে দলীয় অভ্যন্তরীণ বৈঠক করেন অভিষেক। তার পরে বিকেল ৪টে নাগাদ সেখানে পৌঁছোন প্রতীক-উর। তিনি সেখানে পৌঁছোতেই এসএফআই দফতরে তাঁর নামে বরাদ্দ লকার থেকে নাম সরিয়ে দেওয়া হয়। এসএফআইয়ের দফতরে তিন নম্বর লকার ছিল প্রতীক-উরের। সেখান থেকেই মুছে দেওয়া হয় তাঁর নাম।
প্রতীক উর রহমানের এই পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকাগুলিতে বাম শিবিরে এর প্রভাব পড়বে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
তৃণমূল নেতৃত্বের দাবি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী-নেতাদের যোগদান প্রমাণ করছে যে রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি এবং তৃণমূল সংগঠনের শক্তিতে ভরসা রাখছেন বিরোধী শিবিরের নেতারাও। এখন দেখার, প্রতীক উর রহমানের যোগদানের পর স্থানীয় রাজনীতিতে কী নতুন সমীকরণ তৈরি হয়।
