আজকাল ওয়েবডেস্ক: সামান্য বিরিয়ানি ঘিরে বাবা ও ছেলের হৃদয়বিদারক ঘটনা। নদিয়ার বগুলা শহরের এক সাধারণ মধ্যবিত্ত বাড়ি। ছেলের দীর্ঘ দিনের 'ইচ্ছে' পূরণ করতে পেরে বাবা বেজায় খুশি৷ বাবা ও ছেলের এই ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল৷
সমাজমাধ্যমে ভিডিও প্রকাশ পেতেই তা মুহূর্তে ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর নারায়ণ সরকার ও তাঁর ছেলে বসে আছেন বাড়ির খাওয়ার টেবিলে। সামনে রাখা বিরিয়ানির প্যাকেট। এখানেই শেষ নয়। ভিডিওতে তাঁদের চোখে মুখে আনন্দের ছাপ দেখা গিয়েছে।
ভিডিওতে নারায়ণ বাবু জানান, তাঁর ছেলে অনেক দিন ধরেই বিরিয়ানি খাওয়ার বায়না করছিল। কিন্তু অভাবের সংসারে সেই শখ মেটানোর সামর্থ্য ছিল না তাঁর। এদিন বাজারে গিয়ে দেখলেন বিরিয়ানির দাম কিছুটা কম। আর দেরি না করে তড়িঘড়ি তিন প্যাকেট বিরিয়ানি কিনে বাড়ি ফেরেন তিনি। ভিডিওর শেষে সবার কাছে আশীর্বাদও চেয়েছেন নারায়ণ বাবু।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিরিয়ানি খেয়ে বিপুল আনন্দে খুদে। কোনও বড় আয়োজন নেই, এমনকী নেই কোনও দামি আসবাব- সামান্য বিরিয়ানি পেয়েই সে তৃপ্ত৷
ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের আবেগ উপচে পড়েছে। কমেন্ট বক্সে কেউ জানিয়েছেন আশীর্বাদ, কেউ বা দিয়েছেন সহমর্মিতার বার্তা। অনেকে আবার সমাজের এই বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন,"এক প্লেট বিরিয়ানি আজও কোনও বাবার কাছে আকাশছোঁয়া বিলাসিতা।"
উল্লেখ্য, পেশায় ভিডিও নির্মাতা নারায়ণ সরকার মাঝেমধ্যেই তাঁর সাধারণ জীবনের গল্প তুলে ধরেন নেটপাড়ায়। বর্তমানে সমাজমাধ্যমে তাঁর অনুগামীর সংখ্যা ৩,২৫৪ জন।















