আজকাল ওয়েবডেস্ক: শনিবার প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। উত্তর থেকে দক্ষিণে জল জমে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় দুই ঘণ্টা একনাগাড়ে বৃষ্টির জেরে কলকাতা, হাওড়া ময়দান, পঞ্চানন তলা, টিকিয়াপাড়া, রামরাজাতলা, বেলগাছিয়া সহ পুর এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এমনকী কলকাতা মেডিক্যাল কলেজ, কলকাতা পুরসভা, লালবাজারও জলমগ্ন হয়ে পড়ে। 

 

কোথাও কোথাও হাটু সমান জল জমে যায়। যার জেরে চরম ভোগান্তি সাধারণ মানুষের। পুরসভা সূত্রে জানানো হয়েছে, যেভাবে একটানা বৃষ্টি হচ্ছে তাতে জল নামাতে সমস্যা হচ্ছে। তবে অতিরিক্ত পাম্প চালানো হচ্ছে। ফের বৃষ্টি না হলে জল দ্রুত নেমে যাবে বলে আশ্বাস পুর কর্তৃপক্ষের। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, ৬৭ টি পাম্প চালানো হচ্ছে। এছাড়া বেলগাছিয়া ও কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন রাস্তায় দুটি বড় পাম্প চালানো হচ্ছে। সমস্যা হচ্ছে গঙ্গার জলস্তর বেড়ে গেছে বৃষ্টির জন্য। তাই পাম্পের সাহায্যে জল নামানোর চেষ্টা করলেও সেই জল ফের শহরের রাস্তায় চলে আসছে। 

 

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি, কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, পুরুলিয়ায়। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৬ আগস্টের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে বর্তমানে উত্তরবঙ্গে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।