আজকাল ওয়েবডেস্ক: পদ্ম ছেড়ে ঘাসফুল ধরলেন গেরুয়া শিবিরের আরেক বিধায়ক। লোকসভা নির্বাচনের আগে ফের দল ভাঙল রাজ্য বিজেপির। এবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালি প্রতিহার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বৃহস্পতিবার তাঁর গলায় দলের উত্তরীয় পড়িয়ে তৃণমূলে বরণ করে নেন।  যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপি আমল দিতে চায়নি। বরং বিষয়টি পরিস্থিতির বাধ্যবাধকতা বলে মন্তব্য করেছে তারা। রাজ্যে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য এপ্রসঙ্গে বলেন, ‘‌যে যাচ্ছে সে পরিস্থিতির বাধ্যবাধকতায় যাচ্ছে। এতে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক বহমানতায় কোনও প্রভাব পড়বে না।‘‌ যদিও ‘‌পরিস্থিতির বাধ্যবাধকতা’‌ বলতে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন সে বিষয় নিয়ে শমীক খোলসা করতে চাননি।  রাজ্যে গত বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর এক বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে। তৃণমূল থেকে বিধানসভা নির্বাচনের আগে যে বা যারা গেরুয়া শিবিরে ঢুকেছিলেন তাঁদের অনেকেই আবার ঘাসফুল শিবিরে ফিরে এসেছেন।‌ একইসঙ্গে বিজেপি করা অনেকেই তৃণমূলের হাত ধরেছেন।  তপসিলি জাতিভুক্তদের জন্য সংরক্ষিত কোতুলপুর বিধানসভা থেকে গত নির্বাচনে জয়ী হন হরকালি। এর আগে এই কেন্দ্রটি তৃণমূলের দখলে ছিল।