আজকাল ওয়েবডেস্ক: বিধানসভার অধিবেশনে রাজ্যে নেশাদ্রব্য ও অনলাইন গেমের বাড়বাড়ন্ত নিয়ে কড়া সুর চড়ালেন ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি। গুটখা, সিগারেট, মদ ও গাঁজা থেকে শুরু করে অনলাইন গেমের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যে এগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন তিনি।
বিধানসভায় নিজের বক্তব্যে নওশাদ সিদ্দিকি বলেন, গুটখা, সিগারেট, মদ ও গাঁজার কারণে রাজ্যের যুবসমাজ মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে। তাদের স্বাস্থ্য ও ভবিষ্যতের সুরক্ষার কথা মাথায় রেখে অবিলম্বে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ধরনের মাদক ও ক্ষতিকর দ্রব্য নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি।
শুধু প্রথাগত নেশাদ্রব্যই নয়, অনলাইন গেম ও লটারির মতো ডিজিটাল আসক্তি নিয়েও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে দেন যে, অনিয়ন্ত্রিত গেমিং আসক্তি আর সাধারণ কোনও বিষয় নয়, এটি প্রকৃতপক্ষে একটি মানসিক রোগ—যাকে ‘গেমিং ডিসঅর্ডার’ বা এক ধরনের ‘ডিজিটাল মাদক’ বলা চলে।
এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপের আইন প্রণয়নের দাবি তোলেন বিধায়ক। ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং এক্ট’ এবং 'দ্য ওয়েস্ট বেঙ্গল গেমিং অ্যান্ড প্রাইজ কম্পিটিশন এক্ট'-এর মতো বিদ্যমান আইনগুলোকে সামনে রেখে একটি সুনির্দিষ্ট ও কঠোর আইন তৈরি করার কথা বলেন তিনি। এই নতুন আইনের মাধ্যমে যেন অনলাইন গেম ও বেপরোয়া ডিজিটাল জুয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়, সেই বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপের ওপর জোর দেন নওশাদ সিদ্দিকি।
















