আজকাল ওয়েবডেস্ক:‌ একটা নিম্নচাপ যেতে না যেতেই ফের হাজির নিম্নচাপ। এবার বঙ্গোপসাগরে। তার প্রভাবেই চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে কলকাতা–সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় ফের শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। কোনও কোনও জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। উত্তরেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।


বুধবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)–র সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কিছু অংশে। বাঁকুড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তবে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।


অন্যদিকে, উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় বুধ থেকে শুক্রবার অবধি হতে পারে বৃষ্টি। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার)–র সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবার কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।