আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে চড়া রোদ। গত কয়েকদিন একটানা তুমুল বৃষ্টির পর মঙ্গলবার থেকেই রোদের দেখা পাওয়া গিয়েছে। বুধবারেও তা অব্যাহত। যার জেরে এক ধাক্কায় আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বাড়ল ভ্যাপসা গরমও। আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম থেকে আজ কি মুক্তি পাওয়া যাবে? ফের কি ঝেঁপে নামবে বৃষ্টি? রইল আবহাওয়ার বড় আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার সকাল রোদ ঝলমলে থাকলেও, আজকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি শনিবার পর্যন্ত চলবে। গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গ থেকে দূরে সরে গিয়েছে। তবে নিম্নচাপের কারণে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে গোটা বাংলায় কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দুই এক পশলা বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে নিস্তার পাওয়া যাবে না। বরং ক্রমেই বাড়ছে অস্বস্তি। আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা ক্রমশ বাড়বে। স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। আগামী চার পাঁচ দিন আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থাকবে।
বর্তমানে মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। নিম্নচাপের ফেলে যাওয়া জলীয়বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তির কারণ হবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। গত কয়েকদিনে ভারি বৃষ্টিপাতের জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি রয়েছে। ফের ঝেঁপে বৃষ্টি না নামলে জল নামার সম্ভাবনা রয়েছে।
