আজকাল ওয়েবডেস্ক: ভরা বসন্তে খামখেয়ালি আবহাওয়া। একদিকে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। অন্যদিকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতায় আপাতত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। তবে চড়া রোদে অস্বস্তি অনুভূত হচ্ছে এখনই।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী সাতদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গে আরও চড়বে পারদ। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর পাঁচদিনে রাতের তাপমাত্রায় আর কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই গরমে হাঁসফাঁস দশার শুরু।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া। তবে আগামী সপ্তাহেই একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওই এলাকায় নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ক্রমেই। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।
আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের হলুদ সর্তকতা এবং বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
অন্যদিকে আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দু'-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনও সতর্কতা জারি হয়নি।
আবহাওয়াবিদদের আশঙ্কা, ভরা বসন্তে ঝেঁপে একটানা বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হবে। বৃষ্টির জেরে আলু চাষে প্রভাব পড়তে পারে। আলু ইতিমধ্যেই তুলে নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
