আজকাল ওয়েবডেস্ক: ঘটনা দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর। সেখানকার মন্ডলপাড়া সীমানার ঘাট এলাকায় রাস্তার ধারে জড়ো করা ছিল ম্যানগ্রোভ, সেগুলি বিক্রয় করার জন্য এক জায়গায় জড়ো করে রাখা হয়েছিল বলেই মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘীর বনদপ্তর এবং নলগড়া বনদপ্তরের আধিকারিকরা। ঘটনাস্থলে গিয়ে চক্ষু চড়কগাছ বনদপ্তরের আধিকারিকদের। তাঁরা দেখেন একেবারে রাস্তার ধারে ঢাকা কাটা ম্যানগ্রোভ। ওখান থেকে ঢিল ছোড়া দূরত্বে ঠাকুরান নদী। ওই নদীর চরে থেকে ম্যানগ্রোভ অরণ্য কাটা হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রায় দেড়শ মন কাটা ম্যানগ্রোভ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রায়দিঘি বনদপ্তর রেঞ্জার অফিসে। কারা করেছে এসব কাজ এখনও জানা যায়নি।
তবে ওই এলাকার স্থানীয় বাসিন্দা অর্থাৎ নগেন্দ্রপুর অঞ্চলের বিজেপির অঞ্চল সভাপতি প্রশান্ত হালদারের অভিযোগ, তৃণমূলের নেতা প্রদীপ মণ্ডলের তত্ত্বাবধানে ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য ম্যানগ্রোভ অরণ্য কেটে ধ্বংস করা হয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। তিনি জানান এই ঘটনার সঙ্গে জড়িত নন তাঁরা। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।
