মিল্টন সেন,হুগলি: হাওড়া তারকেশ্বর শাখায় ডাউন লাইন ট্রেন চলাচল ব্যাহত। রেল সূত্রে খবর, বুধবার সকালে একটি ডাউন ট্রেনের প্যান্ট্রোগাফে সমস্যার কারনে ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। রেল আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেয় রেল কর্তৃপক্ষ। প্রায় ৩ ঘন্টা ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। রেল সূত্রে জানানো হয়েছে, সিঙ্গুরের কাছে গেট নাম্বার ১৩-র কাছে ডাউন ট্রেনের প্যান্ট্রোগ্ৰাফে সমস্যা হয়েছে তার কারণেই বন্ধ ছিল ট্রেন চলাচল।


ট্রেন চলাচলের ব্যাহত হওয়ায় সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। এক যাত্রী বলেন, আমি কোন্নগর যাব প্রায় এক ঘন্টা হলেও স্টেশনে বসে রয়েছি ট্রেন আসেনি।
আরেক রেলযাত্রী প্রান্তিক ব্যানার্জি বলেন, সকাল ৫ টা থেকে স্টেশনে বসে রয়েছি কিন্তু এখনও ট্রেন আসেনি। ব্যান্ডেল যাব কিন্তু ট্রেন না আসায় যেতে পারছি না। ডাউন লাইনে ট্রেন চলাচলের সমস্যা রয়েছে। জানতে পারছি নালিকুল ও দেয়াড়ায় তার ছিড়েছে। সকালের দিকে আপ ট্রেন চলাচলে ব্যাহত ছিল এখন চলছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

 


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, হাওড়া তারকেশ্বর শাখায় ট্রেন চলাচলের সমস্যা হয়। সিঙ্গুরের ১৩ নম্বর রেলগেটের কাছে প্যানটোগ্রাফের সমস্যা ছিল এখন ঠিক হয়ে গেছে। রেল চলাচল স্বাভাবিকের পথে।