আজকাল ওয়েবডেস্ক: স্কুল যাওয়ার পথে তাকে অপহরণের পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল স্রেফ ছাত্রীটির উপস্থিত বুদ্ধির জেরে। কোনও মতে পালিয়ে বাঁচল ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সোমবার এমনই ঘটনার ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং-২ গ্ৰাম পঞ্চায়েতের জুড়াপানি এলাকায়। ইতিমধ্যে পরিবারের তরফ থেকে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে, জুড়াপানি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সোমবার সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল।পরিবারের দাবি, সেই সময়ে রাস্তায় এক অপরিচিত মহিলা ওই ছাত্রীকে সাইকেলে উঠতে বলেন। ছাত্রীটি সাইকেল ওঠার সঙ্গে সঙ্গে ওই মহিলা তাকে জল খেতে দিয়েছিলেন। পরিবারের দাবি, সেই জলে মাদকদ্রব্য মেশানো ছিল। যার ফলে জল খেয়েই ওই ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে।
জ্ঞান ফিরলে সে দেখে যে তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। কিন্তু উপস্থিত বুদ্ধির জেরে ঘরের জানালা দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে। তড়িঘড়ি পায়ে হেঁটে জাতীয় সড়কে চলে আসে। এরপর স্কুলে গিয়ে শিক্ষিকার কাছে কান্নায় ভেঙে পড়ে। গোটা বিষয়টি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের খুলে বলে। কিন্ত কোন বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল আর কে তাকে তুলে নিয়ে গিয়েছিলেন সেটা বলতে পারেনি সে।
পরবর্তীতে স্কুলের থেকে বিষয়টি পরিবারকে জানানো হয়। পরিবারের সদস্যরা স্কুলে ছুটে আসেন। ছাত্রীকে নিয়ে পরিবারের সদস্যরা ধূপগুড়ি থানায় আসেন। পুলিশের কাছে ছাত্রীর বয়ান অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জুড়াপানি এলাকায়।
