আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার রানাঘাটে মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন চার যুবক। শোকের ছায়া নেমে এসেছে রানাঘাটের মাসুন্দা এলাকায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসুন্দা এলাকার চার যুবক বুধবার এক আত্মীয়ের মৃতদেহ সৎকার করতে বলাগড় ঘাটে গিয়েছিলেন। সৎকারের কাজ শেষ করে একটি মোটরবাইকে চেপে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। ফেরার পথে হঠাৎই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই যুবককে দ্রুত উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদেরও মৃত্যু হয়। পরে চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। 

ঘটনাটি ঘটে বুধবার বিকেলে। মৃতদের নাম সবুজ বিশ্বাস, প্রতাপ প্রামাণিক, অমিত বিশ্বাস ও সৌমেন হালদার। চারজনেরই বয়স আনুমানিক ৩০ বছরের মধ্যে। এদের সকলের বাড়ি রানাঘাটের মাসুন্দা এলাকায়। একসঙ্গে চার যুবকের অকালমৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ। পরিবারের সদস্য ও আত্মীয়ৎস্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি অথবা নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বাইকের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।