আজকাল ওয়েবডেস্ক: আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। দু’জনেই বৃহস্পতিবার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। বিচারপতি জয়মাল্য সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুক্রবার হতে পারে শুনানি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ণেন্দু বসুর জায়গায় গায়িকা অদিতিকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে ২৫ হাজার ভোটে পরাজিত করে বিধায়ক হন তিনি। দলের অনেকেই বলেন সেই জয়ে অগ্রণী ভূমিকা ছিল স্বামী দেবরাজের। ২০২৬ সালের নির্বাচনেও তৃণমূল ভরসা রেখেছিল তাঁর উপর। কিন্তু বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির কাছে তিনি পরাজিত হন।
কয়েকদিন আগে অদিতি এবং দেবরাজের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে বাগুইআটি থানায় মামলা দায়ের করা হয়। নির্বাচন কমিশনের কাছে দাখিল করা হলফনামায় গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কায় দু’জনে বৃহস্পতিবার কলকাতা আগাম জামিনের আবেদন করেন।
রাজ্যে পালা পরিবর্তনের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে দেবরাজকে আটক করা হলেও বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে তাঁর ‘ডানহাত’ বলে পরিচিত অমিত চক্রবর্তীকে। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ অমিতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তেঘরিয়া মালঞ্চপাড়া এলাকার এক ব্যক্তিকে তিনি হুমকি দিয়েছেন। এমনকি প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং হেমন্ত চৌধুরী।















