আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের। বিধাননগর থানায় বিজেপি কর্মী এই  মামলা করেছেন। নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্যের অভিযোগে অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, এই এফআইআর-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে করা মন্তব্যও অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ ৫ মে বাগুইআটির থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রাজীব কুমাক নামক ওই ব্যক্তি। নির্বাচন চলাকালীন উস্কানিমূলক বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে, পাঁচটি ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ।

এফআইআর অনুযায়ী, রাজীবের অভিযোগ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর বিভিন্ন রাজনৈতিক সভা ও নির্বাচনী প্রচারের সময় উস্কানিমূলক, ভয়প্রদর্শনকারী এবং উত্তেজক ভাষণ দেন। যা নাকি হিংসা উসকে দেয়, শত্রুতা বৃদ্ধি করে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি করে। 

তিনি আরও দাবি করেছেন যে, এই ধরনের বক্তব্য ‘Abhishek Banerjee Official’ নামের ফেসবুক পেজ-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে প্রচারিত হয়। অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মার্চ-এপ্রিল ২০২৬ সময়কালে মহেশতলা, আরামবাগ, হরিণঘাটা এবং নন্দীগ্রামের সভাগুলিতে দেওয়া ভাষণ, যেখানে অভিযুক্ত নাকি বিরোধী দলের কর্মীদের হুমকি দেন এবং এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন যা জনঅশান্তি ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৯২/১৯৬/৩৫১(২)/৩৫৩(১)(সি) ধারায় এবং জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ধারা ১২৩(২) ও ১২৫-এ মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা।