আজকাল ওয়েবডেস্ক:‌ সুপার স্পেশালিটি হাসপাতালেই এই বিপত্তি!‌ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা রোগীর উপরেই ভেঙে পড়ল ওয়ার্ডের ফলস সিলিং। সোমবার সকালে এই ঘটনায় রীতিমতো প্রবল চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। জানা গেছে, ঝাড়খণ্ডের সুড়ঙ্গ গ্রামের এক মহিলা পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন সিউড়ির হাসপাতালে। সোমবার সকালে তাঁকে ইউএসজি করানোর জন্য পাঁচতলার মহিলা আইসোলেশন ওয়ার্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফলস সিলিং। জখম হন মহিলা রোগী। ঘটনার খবর পেয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক যান ঘটনাস্থলে। ঘটনার পর ওই ওয়ার্ডের সমস্ত ফলস সিলিং খুলে দেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রোগী ও আত্মীয়রা আতঙ্কে রয়েছেন।