আজকাল ওয়েবডেস্ক: অনুমান আগে থেকেই ছিল। সেইমতো এবার কাজ শুরু। রবিবারই পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকেল ৪ টে নাগাদ সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেইখানেই নির্বাচনের দিন জানিয়ে দেওয়া হবে। নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে এই সাংবাদিক বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

রবিবার অসম, তামিলনাড়ু, কেরল এবং পদুচেরির ভোটের নির্ঘন্টও ঘোষণা করবে কমিশন। পাশাপাশি থাকবে পশ্চিমবঙ্গের ভোটের দিনও। দিন কয়েক আগেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে ঘুরে গিয়েছে। এখানে এসে তারা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও করেন। সেইমতো এবার কমতে পারে ভোটের দফা বলেই খবর মিলেছে। 


এরাজ্যে এখনও চলছে এসআইআর। বেশ কয়েক লাখ নাম এখনও বিবেচনাধীন রয়েছে। সেগুলি নিষ্পত্তি করছেন কলকাতা হাই কোর্টের নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর বিষয়টি নিয়ে আদালত জানিয়েছিল অতিরিক্ত তালিকা ধাপে ধাপে প্রকাশ করতে পারবেন কমিশন। সেই সময় বিবেচনাধীন ছিলেন ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন। 


২০১১ সালে বিধানসভা হয়েছিল ৮ দফায়। এবার দুই বা তিন দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দফার ভোট হতে পারে নববর্ষের পরে। ইতিমধ্যে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এরপর আরও বাহিনী আসবে বলেই মনে করা হচ্ছে। এবারেও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে চায় কমিশন।

রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই চলছে কেন্দ্র-রাজ্য সংঘাত। এরপর ভোটার তালিকা সম্পূর্ণ প্রকাশ না হওয়ার পর সেখানে রাজ্য সরকার বারে বারে নিশানা করেছে নির্বাচন কমিশনকে। শনিবার রাজ্যে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেও তিনি রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন। পাল্টা জবাব দিয়েছেন শশী,ব্রাত্য, সায়নীরাও। এবার সবার নজরে রবিবার বিকেল। সেখানে নির্বাচন কত দফায় হয় সেটাই দেখার।