আজকাল ওয়েবডেস্কঃ আসন্ন বিধানসভা ভোটে গণনাকেন্দ্রের সংখ্যা কমাল নির্বাচন কমিশন। রাজ্যে এ বার ২৯৪টি আসনের জন্য ভোট গণনা করা হবে ৮৭টি কেন্দ্রে। শুক্রবার কোন জেলার কোন কেন্দ্রে ভোট গোনা হবে তার তালিকা প্রকাশ করল কমিশন। জানানো হয়েছে গণনাকেন্দ্রের ঠিকানাও।  

২০১৬ সালে বিধানসভা ভোটে গণনাকেন্দ্রের সংখ্যা ছিল ৯০। যা ২০২১ –এ বেড়ে হয়েছিল ১০৮। কিন্তু এ বারের ভোটে সেই সংখ্যাই কমিয়ে ৮৭ করা হল। 

রাজ্যে সর্বাধিক বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। জেলার ৩৩টি আসনের ভোট গোনা হবে মোট আটটি কেন্দ্রে। এই তালিকায় রয়েছে  বারাসত কলেজ, বারাসত পিয়ারিচরণ সরকার হাই স্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরুনানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ।


দক্ষিণ ২৪ পরগনায় ১২টি কেন্দ্রে গোনা হবে ৩১টি আসনের। ভোট গণনা করা হবে ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ, কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়, আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সের স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, হেস্টিংস হাউসের সিস্টার নিবেদিতা সরকারি জেনারেল ডিগ্রি কলেজ, মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল-সহ অন্যত্র। 


কলকাতার ১১টি বিধানসভা আসনের জন্য ভোট গোনা হবে পাঁচটি কেন্দ্রে। বালিগঞ্জ সার্কুলার রোডে বাবা সাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, ডায়মন্ড হারবার রোডের সেন্ট থমাস বয়েজ় স্কুলে ভোটগণনা হবে। 

আলিপুরদুয়ারের পাঁচটি আসনের গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জলপাইগুড়ির সাতটি আসনের গণনা হবে দু’টি কেন্দ্রে। কালিম্পঙের একটি আসনের গণনা হবে একটি কেন্দ্রে। ঝাড়গ্রামের চারটি আসনের গণনা হবে রানি ইন্দিরা দেবী সরকারি স্কুলে।

এ ছাড়া, কোচবিহারের ন’টি আসনের গণনা পাঁচটি কেন্দ্রে, দার্জিলিঙের পাঁচটি আসনের গণনা তিনটি কেন্দ্রে, উত্তর দিনাজপুরের ন’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, দক্ষিণ দিনাজপুরে ছ’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে।  

পাশাপাশি, মালদার ১২টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, মুর্শিদাবাদের ২২টি আসনের গণনা ছ’টি কেন্দ্রে, নদিয়ার ১৭টি আসনের গণনা চারটি কেন্দ্রে, হাওড়ার ১৬টি আসনের গণনা চারটি কেন্দ্রে, হুগলির ১৮টি আসনের গণনা ছ’টি কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের গণনা চারটি কেন্দ্রে, পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনের গণনা চারটি কেন্দ্রে, পুরুলিয়ার ন’টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, বাঁকুড়ার ১২টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, পূর্ব বর্ধমানের ১৬টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, পশ্চিম বর্ধমানের ন’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে এবং বীরভূমের ১১টি আসনের গণনা তিনটে কেন্দ্রে।