আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার হাওড়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক সহ দুই জেলার জেলাশাসক, এসডিও, বিডিও এবং প্রতিটি পঞ্চায়েতের পদস্থ অফিসাররা। এদিনের এই বৈঠকে স্পষ্ট ভাষায় মন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি প্রকল্পগুলির কাজের পরিবর্তন ও সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

 

এদিনের বৈঠকে পঞ্চায়েত স্তরে প্রশাসনিক কাজের গতি বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। মন্ত্রী দিলীপ ঘোষ জানান, বিগত দিনে পঞ্চায়েত স্তরে দুর্নীতি থাকার কারণে গরিব কল্যাণ যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছত না। সেই কারণে বন্ধ থাকা এমজি নারেগার কাজ এবার নতুন ভিভিজি রামজি নামে শুরু হয়েছে এবং তার প্রশিক্ষণও চলছে।

 পাশাপাশি, আবাস যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার এবং ফিফথ ফাইন্যান্স কমিশনের কাজ একসঙ্গে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েতি আইনে হওয়া নতুন সংশোধনীগুলিও আধিকারিকদের সামনে স্পষ্ট করা হয়েছে।


কর্মী সঙ্কট প্রসঙ্গে মন্ত্রী জানান, গত বারো বছর ধরে পঞ্চায়েতে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় প্রায় এগারো হাজারের বেশি কর্মী কম রয়েছে। তবে খুব শীঘ্রই এই শূন্যপদ পূরণ করার প্রক্রিয়া শুরু হবে এবং সমস্ত কর্মী ও আধিকারিকরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন।


উন্নয়নমূলক কাজের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলার প্রসঙ্গও এদিন কড়া ভাষায় তোলেন মন্ত্রী। ছাত্র আন্দোলন ও গণতন্ত্রের আড়ালে দেশবিরোধী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তিগুলি সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি। সম্প্রতি ধর্মতলায় সংবাদমাধ্যমের ওপর হামলা এবং রাজনৈতিক আন্দোলনের নামে অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা করে দিলীপ ঘোষ জানান, ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং নতুন গুন্ডাদমন আইনের ধারায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এছাড়াও, ক্যাগ রিপোর্টে আমফান ত্রাণ দুর্নীতি ও আর্থিক অসঙ্গতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন যে অতীতে ত্রাণ বণ্টনে ব্যাপক দুর্নীতি হয়েছিল এবং প্রকৃত পাওনাদাররা বঞ্চিত হয়েছিলেন। বর্তমান সরকার সাধারণ মানুষকে এই অবস্থা থেকে মুক্ত করতে একাধিক স্বচ্ছ প্রকল্প ও কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

&t=128s