আজকাল ওয়েবডেস্ক: স্কুল শেষ হওয়ার পর  চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ৷ ওই কর্মীর নাম ট্যুরে সাধু ৷ ঘটনার কথা জানাজানি হতেই পড়ুয়াদের অভিভাবক এবং স্থানীয়রা এসে স্কুলে ভাঙচুর চালায় বলেও অভিযোগ৷ অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ও স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার গাড়াপোতা বাজার এলাকায় গাড়াপোতা গার্লস হাইস্কুল। 

জানা  গিয়েছে, উত্তেজিত পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা স্কুলে ভাঙচুর চালানোর পাশাপাশি এবং অভিযুক্তের শাস্তির দাবিতে বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। স্কুলটি যেহেতু একটি বাজার সংলগ্ন এলাকায় সেজন্য দ্রুত ভিড় জমে যায়। স্থানীয় একটি সূত্রের দাবি, অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় স্থানীয়দের।

নিগৃহীতা ওই ছাত্রী জানিয়েছে, সে এবং তার দুই বন্ধু যখন বই জমা দিতে গিয়েছিল তখন অভিযুক্ত বাকিদের ধমক দিয়ে হঠিয়ে দিয়ে আচমকাই তাকে পিছন থেকে জড়িয়ে ধরে জামাকাপড় ছিঁড়ে দেয়। ঘটনা প্রসঙ্গ স্কুলের প্রধান শিক্ষিকা ববি মিত্র জানিয়েছেন, তিনি স্কুলে এসে পড়ুয়াদের কাছে ঘটনাটি শুনতে পেয়েছেন। অভিযুক্ত একজন অস্থায়ী কর্মী বলে তিনি জানান। 

অন্যদিকে এদিন স্কুলের ভিতরে তৈরি হয় বিরাট উত্তেজনা। ঘটনার প্রতিবাদে এবং পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে অভিভাবক ও উত্তেজিত জনতার হাতে ঘেরাও হন প্রধান শিক্ষিকা। আসে বনগাঁ থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশের পক্ষ থেকে জনতাকে সরাতে গেলে তাদের সঙ্গেও শুরু হয় ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে ইট উড়ে আসে বলেও অভিযোগ। পাশাপাশি রাস্তা অবরোধ করে স্কুল ছাত্রী ও স্থানীয় জনতা।