আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড মালদার মানিকচকে। মানিকচক থানার অন্তর্গত মথুরাপুর বোচাহি এলাকায় বুধবার বিকেলে মজুত থাকা প্লাস্টিকের সামগ্রীতে আচমকাই আগুন লেগে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল নাগাদ হঠাৎই গুদামঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে প্লাস্টিকের স্তূপে। আর তাতেই পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। নিজেদের উদ্যোগেই দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা চালান তাঁরা। অবশেষে স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

অভিযোগ, দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে তাদের পৌঁছতে কিছুটা দেরি হয়। তবে তার আগেই বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকটাই রুখে দেন সাধারণ মানুষ। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছে আশেপাশের বহু বসতবাড়ি।
