আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এদিকে, বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে গিয়েছে সিআইডি। এই গোটা ঘটনার তদন্তভার যেতে পারে সিআইডির হাতে। তারা ইতিমধ্যেই তদন্তে সহযোগিতা শুরু করেছে। ঘটনাস্থলে থেকে নমুনা সংগ্রহের চেষ্টায় সিআইডি আধিকারিকরা। রয়েছে পুলিশও। ঘটনাস্থল খতিয়ে দেখছে রাজ্যের তদন্তকারী দল সিআইডি।
এদিকে, বৃহস্পতিবার চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর এফআইআর দায়ের হবে।
অন্যদিকে, ইতিমধ্যেই ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানতে মৃতদেহের ক্ষতচিহ্ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে গাড়ি এবং ঘটনাস্থল থেকেও। তদন্তকারীদের প্রাথমিক অনুমান সুপারি কিলারদের দিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছে।
এদিকে, চন্দ্রনাথের হত্যার ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা। পূর্ব মেদিনীপুরের ময়না এবং মহিষাদল এলাকায় বুধবার রাতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ময়না থানার পুলিশ।
এদিকে, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে অভিযুক্তরা এখনও অধরা। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চলছে বলে সূত্রের খবর।
সিআইডি এবং রাজ্য পুলিশের সদস্যদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তারা তদন্ত শুরু করেছে।
যেখানে বুধবার রাতে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে, সেই এলাকা পুলিশ কর্ডন করে রেখেছে। কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হয়েছে। চন্দ্রনাথ যে হাউজিংয়ে থাকতেন, সেখান থেকে যশোর রোড পর্যন্ত পুরো রাস্তাতেই পুলিশ ও বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রেখেছে পুলিশ। লোকজনের যাতায়াতেও বিধিনিষেধ রয়েছে।
এদিকে, বারাসাত মেডিকেল কলেজ ইতিমধ্যে তিন সদস্যের একটি টিম তৈরি করেছে চন্দ্রনাথ রথের দেহ ময়নাতদন্ত করার জন্য। একজন বিভাগীয় প্রধান এবং দু’জন সহকারী অধ্যাপক রয়েছেন তিন সদস্যের টিমে। প্রয়োজনীয় কাগজপত্র এসে গেলেই দ্রুততার সঙ্গে শুরু করা হবে ময়নাতদন্তের কাজ। ভোররাতে নার্সিংহোম থেকে চন্দ্রনাথের দেহ বারাসাত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।















