আজকাল ওয়েবডেস্ক: দলের মহিলা সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হল বিজেপির পঞ্চায়েত প্রধানকে। অভিযুক্ত শক্তি মণ্ডল মালদার দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। মানিকচক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বুধবার দলীয় কার্যালয়ে তিনি দলেরই এক পঞ্চায়েত সদস্যকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় প্রধান-সহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতার পুত্র। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রধানের সঙ্গে ওই সদস্যের দীর্ঘদিন ধরেই মনকষাকষি চলছিল। বিবাদ মেটাতে হস্তক্ষেপ করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। বুধবার মানিকচকের দলীয় কার্যালয়ে দু'পক্ষকে নিয়ে আলোচনা করতে বসেছিলেন নেতৃত্ব। সেই বৈঠকেই প্রথমে কথা কাটাকাটি এবং তারপর ওই মহিলা সদস্যকে অর্ধনগ্ন করে প্রধান মারধর করে বলে অভিযোগ। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেন, বিষয়টি সেরকম কিছু নয়। আলোচনার সময় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি আলোচনার মাধ্যমেই সমাধান হয়ে যাবে।
এবিষয়ে কটাক্ষ করে তৃণমূলের তরফে বলা হয়, পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে এমন অবস্থা যে বিষয়টি মারামারি পর্যন্ত গড়িয়েছে! বিষয়টি খুবই হাস্যকর। জানা গিয়েছে, গ্রেপ্তারের পর অভিযুক্তকে ইংলিশবাজার থানায় নিয়ে যাওয়া হয়।
