বিউ সরকার
মেসি-কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ৫ জুন হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। কিন্তু শারীরিক সমস্যার কারণে হাজিরা এড়িয়ে যান তিনি। ১৪ দিনের সময় চেয়ে নেন। কিন্তু তাঁর পর থেকেই নিখোঁজ অরূপ। পুলিশের দাবি, খোঁজ মিলছে না প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। তাঁর মোবাইল ফোনের কোন টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে না। বর্তমানে অরূপের অবস্থান ঠিক কোথায়, তা জানার চেষ্টা করছে পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে বিধাননগর পুলিশকে জানানো হয়েছে বর্তমানে তিনি বাড়িতে নেই।
গত বৃহস্পতিবার হাজিরা না দিয়ে মেডিক্যাল সার্টিফিকেট জমা দেন অরূপ। হাজিরা এড়িয়ে যাওয়ার খবর শুনে খোঁচা দিতে ছাড়েননি শতদ্রু দত্ত। সমাজমাধ্যমে তিনি লেখেন, “মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হয়তো সময় কেনা যায়, বিচার থেকে পালানো যায় না।”
এফআইআর দায়ের হওয়ার পর গ্রেপ্তারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বারাসাত আদালতে আগাম অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন তৃণমূল নেতা। রাজ্যে পালাবদলের পরে যুবভারতীতে মেসি-কাণ্ডে নতুন করে এফআইআর করেছে বিধাননগর পুলিশ। সেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
সরকার বদলের পর থেকেই বিপাকে পড়েছেন অরূপ এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। হুমকি, শ্লীলতাহানি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে স্বরূপকে। তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।















