আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের খেজুরির নিচকসবা গ্রাম পঞ্চায়েত এলাকার হিজলি শরিফে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক কড়া বার্তায় তিনি প্রশ্ন তোলেন, “এভাবেই কি ‘ভয়’কে তাড়ানোর পরিকল্পনা? বাংলাকে জ্বালিয়ে দিয়ে?”
অভিষেক ব্যানার্জি দাবি করেছেন, খেজুরির হিজলি শরিফ এলাকায় যা ঘটেছে তা “নৃশংসতার চরম উদাহরণ”। তাঁর অভিযোগ, বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা এলাকায় হামলা চালিয়ে ৬০টিরও বেশি দোকানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বহু সাধারণ মানুষের জীবিকা ধ্বংস হয়ে যায়।
তৃণমূল সাংসদের বক্তব্য, এই হামলায় হিন্দু বা মুসলিম— কোনও সম্প্রদায়কেই আলাদা করে টার্গেট করা হয়নি। বরং এটি ছিল বাংলার সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তিতে বসবাস করতে চাওয়া সাধারণ মানুষের উপর পরিকল্পিত আঘাত।
অভিষেক আরও বলেন, “এটাই বিজেপির রাজনীতির আসল চেহারা— ঘৃণা, ভয় দেখানো এবং ধ্বংসের রাজনীতি।” তাঁর দাবি, বাংলার মানুষ কখনও এই ধরনের হিংসার কাছে মাথা নত করবে না।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়ে অভিষেক বলেন, দোষীদের আইনের আওতায় এনে উদাহরণ তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। একদিকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলছে, অন্যদিকে বিজেপিও পাল্টা অভিযোগে সরব হয়েছে। তবে খেজুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখন দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফেরার অপেক্ষায়।
প্রসঙ্গত, শনিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি জানিয়েছেন এরাজ্যে হিংসার পরিবেশ থাকবে না। যদি কেউ তা করতে চেষ্টা করে তাহলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। এরই মধ্যে এই ঘটনা ফের একবার প্রশাসনের দিকেই আঙুল তুলে দিল।















