আজকাল ওয়েবডেস্কঃ প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল। এ বছর প্রথম দশের মেধাতালিকায় স্থান করে নিয়েছেন মোট ৬৪ জন। আর সেখানে প্রায় সিংহভাগ পড়ুয়াই রামকৃষ্ণ মিশনের। বৃহস্পতিবার সকালের সাংবাদিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক বিদ্যালয় এবং পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, এই দু'টি নামই বারবার উঠে এসেছে। মোট ৬৪ জন কৃতির ৩৬ জনই এই দুই স্কুলের পড়ুয়া।
মেধাতালিকায় প্রথম স্থানেই রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ আবাসিক বিদ্যালয়ের পড়ুয়া আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। তাঁর থেকে এক নম্বর কম, ৪৯৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ঋতব্রত নাথ। সহপাঠী একই র্যাঙ্কে রয়েছেন ঐতিহ্য পাছাল। পরের অর্থাৎ তৃতীয় র্যাঙ্কে রয়েছেন নরেন্দ্রপুরের আরও এক পড়ুয়া সৌম্য রায়। প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ স্থানে রয়েছেন অর্কদ্যুতি ধর। পেয়েছেন ৪৯৩। ৪৯২ পেয়ে প্রিয়াংশু রয়েছেন পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে ৪৯১ পেয়ে রয়েছেন চার জন। প্রত্যুষ মন্ডল, শুভদীপ দিন্দা, পল্লব কুমার ভাওয়াল এবং অনিমেষ মুখার্জি। এর পর অষ্টম স্থানে রয়েছেন দু'জন। যুগ্ম ভাবে স্থানাধিকারী অরিঘ্ন সরকার এবং ফারহান আলির প্রাপ্ত নম্বর ৪৮৯। এর পর নবম স্থানে রয়েছেন সোহম বেজ। প্রাপ্ত নম্বর ৪৮৮। দশম স্থানে এই স্কুল থেকে মোট চার জন রয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৭। এঁরা হলন-সোহম ভৌমিক, সৃজন পাল, সাগ্নিক ঘটক এবং মেঘান অধিকারী।
অন্য দিকে, পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠেরও ফলও নজরকাড়া। এই স্কুল থেকে ৪৯৫ পেয়ে দ্বিতীয় স্থানে জিষ্ণু কুন্ডু। তৃতীয় স্থানে রয়েছেন দেবপ্রিয় মাজি, তন্ময় মন্ডল এবং প্রীতম বল্লভ। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪। পঞ্চম স্থানাধিকারীও তিনজন। প্রাপ্ত নম্বর ৪৯১। এঁরা হলেন শুভদীপ অধিকারী, মণিদীপ মাহাতো, সৌম্যদীপ খান এবং সৌমাল্য রুদ্র। সপ্তম স্থানাধিকারী সৌম্যদীপ ঘোষ। প্রাপ্ত নম্বর ৪৯০। ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছেন আদর্শ মণ্ডল। নবম স্থানে রয়েছেন তিনজন। অরিত্র দুয়ারি, ময়ুখ পাল এবং আদিত্য নারায়ণ জানা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৮। ৪৮৭ পেয়ে দশম স্থানাধিকারী অম্লান রায়।
রামকৃষ্ণ মিশনের এই নজিরবিহীন সাফল্য়ে খুশি মহারাজেরা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ আবাসিক বিদ্যালয়ের প্রধান সন্দীপন মহারাজ বলেন, "জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার ১২ দিনের মাথাতেই ছিল এ বারের উচ্চ মাধ্যমিক। তাই একটু চিন্তিত ছিলাম। কিন্তু ছেলেরা অসাধারণ ফল করেছে। খুব খুশি স্কুলের সকলেই।" গত বছর থেকে এ বছর নরেন্দ্রপুরের ফল ভাল। তবুও প্রতি বছরই ধারাবাহিক ভাবে মিশনের পড়ুয়ারা মেধাতালিকায় স্থান করে নেয়। এই সাফল্য কী ভাবে? মহারাজ বলেন, "আসলে মিশনের আবাসিক পরিবেশই পড়ুয়াদের এই সাফল্যের মূলে। নিয়মানুবর্তিতা, কঠোর অধ্যবসায় ছাড়াও মোবাইল থেকে দূরে থাকায় পড়ুয়া পরীক্ষার আগে ভাল ভাবে মনোনিবেশ করতে পারে। এ ছাড়া, বিষয় শিক্ষকেরাও মক টেস্ট বা অন্য নানা ভাবে পড়ুয়াদের সাহায্য করেন।" তিনি জানান, মেধাতালিকায় থাকা অধিকাংশই বিজ্ঞান বিভাগের পড়ুয়া। তাঁদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, আবার কেউ ইউপিএসসি পরীক্ষা দিয়ে আমলা হতে চান ভবিষ্যতে।
















