আজকাল ওয়েবডেস্ক: রেলের রাজস্ব সুরক্ষা এবং টিকিটবিহীন যাতায়াত রুখতে পূর্ব রেলের মালদহ ডিভিশনের উদ্যোগে একাধিক ট্রেন ও স্টেশনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়।
অভিযানে ধরা পড়েন ২৮৯ জন টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রী। রেল সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছ থেকে মোট ২ লক্ষ ৭১ হাজার ১৮৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চালানো হয় ১৫৬৩০ নাগাঁও এক্সপ্রেস, ১৬৫২৪ বালুরঘাট–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, ১৩৪২৫ মালদা টাউন–সুরাট এক্সপ্রেস, ১৫৭৪৪ ফারাক্কা এক্সপ্রেস, ৫৩০৩০ ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার এবং ৫৩৪১৬ সাহেবগঞ্জ–বারহারওয়া প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেনে।
এছাড়াও মালদা টাউন–রামপুরহাট এবং সাহেবগঞ্জ–বারহারওয়া শাখার বিভিন্ন স্টেশনেও টিকিট পরীক্ষা করা হয়। অভিযানে বাণিজ্য বিভাগের পরিদর্শক, টিকিট পরীক্ষক (টিটিই) এবং আরপিএফ কর্মীরা অংশ নেন।
রেল সূত্রে জানা গেছে, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিংয়ের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। টিকিটবিহীন ও অনিয়মিত যাতায়াত রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানানো হয়েছে।
মালদহ ডিভিশনের ডিআরএম মণীশ কুমার গুপ্তা বলেন, 'যাত্রীদের অবশ্যই বৈধ টিকিট কেটে ভ্রমণ করা উচিত। টিকিট ছাড়া ভ্রমণ রেল আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। প্রকৃত যাত্রীদের নিরাপদ, সুরক্ষিত ও ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান নিয়মিত চালানো হবে।'
















